ইয়েতির ডিএনএ: বিজ্ঞান কী বলে
দুশো বছরের গল্প, ছবি আর নিদর্শনের পর একবিংশ শতাব্দীতে প্রশ্নটা নিয়ে গেল ল্যাবরেটরিতে। উত্তরটা অনেককে হতাশ করল, আর হিমালয়ের একটি প্রাণীকে নতুন করে চেনাল।
গবেষণাগুলো
২০১৪ সালে অক্সফোর্ডের জিনবিজ্ঞানী ব্রায়ান সাইকস ইয়েতির বলে রাখা বিভিন্ন চুলের নমুনা পরীক্ষা করেন। তিনি দাবি করেন, ভারত আর ভুটানের দুটি নমুনার ডিএনএ হাজার হাজার বছর আগের এক প্রাচীন মেরু ভালুকের সঙ্গে মেলে, আর হয়তো হিমালয়ে অজানা কোনো সংকর ভালুক আছে। অন্য বিজ্ঞানীরা পরে নমুনাগুলো পুনরায় বিশ্লেষণ করে দেখান, ক্ষয়ে যাওয়া ডিএনএর কারণে ভুল হয়েছিল, আর এগুলো সাধারণ বাদামি ভালুক।
২০১৭ সালে বাফেলো বিশ্ববিদ্যালয়ের শার্লট লিন্ডকভিস্টের দল নয়টি ‘ইয়েতি’ নমুনা পরীক্ষা করে: হাড়, দাঁত, চামড়া, লোম, এমনকি মল। ফলাফল প্রকাশিত হয় Proceedings of the Royal Society B-তে। নয়টির মধ্যে আটটি ছিল ভালুকের, এশীয় কালো ভালুক, হিমালয়ান বাদামি ভালুক বা তিব্বতি বাদামি ভালুক। একটি ছিল কুকুরের।
লিন্ডকভিস্টের মতে ইয়েতি-কিংবদন্তির জৈবিক ভিত্তি স্থানীয় ভালুক। তবে এটি ইয়েতির অস্তিত্ব একেবারে নাকচ করে না, শুধু দেখায় যে পরীক্ষিত নমুনাগুলো ভালুকের। গবেষণাটি আরেকটি জিনিস দেখিয়েছে: হিমালয়ের বাদামি ভালুক খুব আলাদা আর বিরল একটি প্রাণী, যাকে রক্ষা করা জরুরি।
আওরি উপন্যাসে
আওরি উপন্যাস ইয়েতিকে প্রমাণ করতে চায় না, অস্বীকারও করে না। মুকিত জানে, এত বিবরণের পরও কোনো জুতসই প্রমাণ মেলেনি। তবু খুমজুংয়ের মঠে দাঁড়িয়ে তার কৌতূহল থামে না।
আসলে আওরির রহস্য ইয়েতি নয়। হিমালয়ের আড়ালে যা লুকিয়ে আছে, তা আরও পুরোনো, আরও মানবিক। সেটা জানতে হবে বইয়ের পাতায়।
“ফলত ইয়েতি গল্পের একটা অলৌকিক প্রাণী হিসেবেই রয়ে গেছে এখনো।”