লেখকের কথা

লেখকের কথা

আওরি কীভাবে লেখা হলো, আর কেন এই বই আপনার পড়া উচিত, জাবেদ ভূঁইয়ার নিজের ভাষায়।

আওরি লেখার গল্প

২০১৪-২০১৫ সালের দিকের কথা। ছুটির দিনগুলোতে আমি নিয়মিত হানা দিতাম নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানগুলোতে। একদিন নিয়ে এলাম ড. আবদুল্লাহ আল-মুতীর লেখা একটি বই। হিমালয়ের রহস্যময় প্রাণী ইয়েতি নিয়ে লিখতে গিয়ে উনি খুব ছোট পরিসরে বর্ণনা করলেন হারিয়ে যাওয়া এক প্রাচীন জনপদের নাম, আওরি। নামটা আমার মাথায় গেঁথে রইল বহুদিন। যদিও অনেক ঘাঁটাঘাঁটি করেও আর এই নামে কোনো কিছু খুঁজে পেলাম না।

এরপর জলধর সেনের 'হিমালয়' বইটি পড়ার সময় আওরি নিয়ে একটা ফিকশন লেখার আইডিয়া মাথায় আসে। যেখানে বাস্তব হিমালয়, এভারেস্ট আর আওরি নগরীর সঙ্গে মিশেল ঘটবে এক কল্পনার জগতের। আমি বিসমিল্লাহ বলে লেখা শুরু করলাম ২০১৬ সালের শেষের দিকে। কিন্তু লেখার কাজ এগোতে থাকে খুব মন্থর গতিতে। কাজ, পড়াশোনা আর পরবর্তীতে নিজের ব্যবসা গুছাতে গিয়ে এই লেখা ২০১৮ সাল নাগাদ শেষ হয়। তখন একটি প্রকাশনীর সঙ্গেও কথাবার্তা হয় এটি প্রকাশ করা নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে বইটি আর প্রকাশ করা হয়ে ওঠেনি।

এরপর নানান ব্যস্ততায় কেটে যায় আরও কয়েক বছর। বিভিন্ন সময়ে লেখাটি নিজেই পড়ে দেখতাম এবং কিছু কিছু অংশ পরিমার্জন করতাম। বিশেষ করে শেষ কয়েকটি অধ্যায় একদম নতুন করে লেখার সিদ্ধান্ত নিই। এভাবে এগোতে এগোতে ২০২৬ সালে এক চায়ের আড্ডায় ঘোষণা করে আসি, এই বছরেই এই বইটি শেষ করব ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা রাখতে (অবশ্য এর আগে বইটি নিয়ে বহু প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে) অবশেষে বইটির কাজ শেষ করলাম।

যদি সব ঠিকঠাক থাকে, আল্লাহ চাইলে আগামী বইমেলায় আসবে বইটি।

আপনাদের দোয়া, ভালোবাসা ও শুভকামনায় রাখবেন, যেন দীর্ঘ সময় নিয়ে লেখা এই বইটি পাঠকপ্রিয়তা পায়।

কেন আওরি পড়বেন

বর্তমান সময়টা খুব অস্থিরতার। মানুষ যেন কেবলই ছুটে চলছে। থামার নাম নেই, একটু স্বস্তির শ্বাস ফেলারও সময় নেই। যখন একটু সময় পাওয়া যাচ্ছে, অনেকে আবার সেই সময়টুকু ব্যস্ত থাকছে ফোন নিয়ে অথবা ডিজিটাল স্ক্রিনে মুভি কিংবা ভিডিও দেখে।

টেক ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে আমার নিজের অবস্থাও অনেকটা তাই। তবে এত কিছুর মাঝেও আমি একটু বই পড়ার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয়, পৃথিবীতে যত নির্মল বিনোদন আছে, তার মধ্যে বই পড়া প্রথম সারির একটি।

আর সেটা যদি হয় কোনো অ্যাডভেঞ্চার, রহস্য কিংবা মিথ নিয়ে লেখা বই, তাহলে তো কথাই নেই! শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে বইটি পড়তে পড়তে আপনি চলে যেতে পারেন অন্য এক জগতে। সেই জগতের ভ্রমণ শেষে দেখবেন, কী মানসিক প্রশান্তিটাই না পেলেন!

আমি নিজে এই ধরনের বইয়ের খুব ভক্ত। সেই ভালো লাগা থেকেই আওরি উপন্যাসটি লেখার শুরু।

যাঁরা এই ধরনের বই পড়তে পছন্দ করেন, কিংবা বই পড়তে ভালোবাসেন, অথবা বই পড়ার জাদুর জগতে প্রবেশ করার কথা ভাবছেন, তাঁরা নির্দ্বিধায় আওরি কিনতে পারেন।

আওরি প্রকাশিত হলে এটি হবে আমার প্রকাশিত তৃতীয় বই। আগের কোনো বইয়ের ব্যাপারেই আমি এভাবে বলিনি। এবার বলছি, কারণ বইটি আমি বেশ সময় নিয়ে, অনেক যত্ন করে লিখেছি।

প্রথম যেদিন খাতায় লেখা শুরু করেছিলাম, আর যেদিন পুরোটা টাইপ করে পাঠিয়েছি, সেই সময়ের ব্যবধান প্রায় দশ বছর।

আপনারা বইটি পড়লে এবং পড়ে ভালো লাগা কিংবা মন্দ লাগার কথা আমার সঙ্গে শেয়ার করলে তবেই কেবল এই দীর্ঘ শ্রম সার্থক হবে।

জাবেদ ভূঁইয়া