এক
অরণ্যের আকাশে অন্ধকার ঘনিয়ে এসেছে বেশ। বন তখন নিঝুম, নিথর। মাঝে মাঝে এক একটা দমকা হাওয়া এসে সেই নিঝুমতাকে গুঁড়িয়ে দিয়ে আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। আর সেই বাতাসের সাথে বয়ে আসছে বনের পাশ দিয়ে বয়ে যাওয়া স্রোতস্বিনী নদীর স্রোতের ছন্দ আর… আর একটা অদ্ভুত মায়াবী সুর। বহু মানুষের সম্মিলিত কোরাস। দূর দূর থেকে ভেসে আসা সুরটা যেন খানিকটা সময়ের জন্য পুরো বনটাকে একটা মোলায়েম চাদরের মতো মুড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। যখন রাত্রির অন্ধকার কেটে যায়, আকাশে চাঁদটা যৌবন ফিরে পেয়ে আলোতে মুখর করে দেয় চারদিক তখন এই যে ঘন বন পেরিয়ে ওপারে যে নদী, তার পাড়ে নির্মিত রাজমন্দিরে ঢল নামে যেন আওরি নগরের সমস্ত নগরবাসীর। হাতে তাদের থাকে জ্বলন্ত মশাল। আর মুখে কোরাসে গাইতে থাকা সেই মায়াময়ী প্রার্থনা সঙ্গীত,
হে সাণলগ্না গারিও তাপিনকো পবিত্রম
হামরা আভিবাদন হারু, সাভিকরা গ্রহনম
(হে পবিত্র পর্বত-মালা এবং তোমার পবিত্র ভূমিতে বাস করা সকল দেবতাগণ, আমাদের অভিবাদন গ্রহণ করো!)
মশালের সে আলো আওরিকে ঘিরে রাখা হিমালয়ের বিস্তীর্ণ বরফরাশির মধ্যে বিকিরিত হয়ে যেন এই জোছনা রাতেও আকাশে লালিমার সূচনা করে। রাত গভীর হতে থাকে, ধীরে ধীরে স্তিমিত হতে থাকে গান। তারপর চাঁদ যখন আলো বিলিয়ে ক্লান্ত হয়ে একসময় লুকিয়ে পড়ে তখন মশালের মিছিলটা মস্ত বড় এক লেজওয়ালা সাপের মতো এঁকেবেঁকে ফিরে চলে মূল নগরের দিকে, প্রত্যেকের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। কেবল দুজন ছাড়া। দুই যুবক-যুবতী। সবার অলক্ষ্যে তারা বেরিয়ে পড়ে মিছিলের মূল স্রোত থেকে। পথ ছেড়ে সোজা হাঁটতে শুরু করে জঙ্গলের দিকে। ক্রমশ তাদের চলার গতি বাড়তে থাকে। ঘন বনের জনশূন্য মাটিতে নির্বিঘ্নে জন্মানো লতার আঁচড়ে রক্তাক্ত হতে থাকে তাদের পা। সেদিকে তাদের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। ক্ষতবিক্ষত পা নিয়েই নিরলস দৌড়াতে থাকে।
পথ ছুটতে ছুটতে একসময় যেন খানিকটা ক্লান্ত হয়ে পড়ে তারা। গতি হয়ে আসে শ্লথ। ক্ষতবিক্ষত পা আর অবসন্ন দেহ নিয়ে একসময় মাটিতে হাঁটু গেড়ে আছড়ে পড়ে যুবতী। যুবকেরও আর চলার শক্তি ছিল না। তাই একবার ভালো করে আশপাশটা দেখে নিয়ে দুজনে গিয়ে আশ্রয় নেয় একটা বড় অশোক গাছের নিচে। অশোক গাছের তলাটার তিনপাশই ঢেকে আছে ঘন বুনো লতায়, তাই সহজে কারো চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে খানিকটা স্বস্তি বোধ করে তারা। ক্লান্ত শ্রান্ত দেহ ওদের। শ্বাস পড়ছে হাপড়ের মতো। তবু তাদের চোখেমুখে বিষাদগ্রস্ততার মাঝেও যেন জুড়ে আছে একটা প্রসন্নতা।
- আজ মনে হয় আর এগোতে পারব না! খানিকটা ক্লান্তি ফুরাতেই যুবতী বলে।
- হ্যাঁ। এই অন্ধকারে ঘন জঙ্গলে পথ চেনাও সম্ভব নয়। সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
- এতক্ষণে বোধহয় প্রহরীরা আমাদের খোঁজে বেরিয়ে পড়েছে!
- হু!
- যদি তারা আমাদের খুঁজে পেয়ে যায়? যুবতীর কথায় যুবক মুচকি হাসে। তারপর ঘন জঙ্গলের অনিমেষ অন্ধকারের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে।
- তবে না হয় মৃত্যুকেই আমাদের মিলন ভেবে নেব! এরপর যেন হঠাৎ করেই দুজনে নির্বাক হয়ে যায়। গভীর রাতের নীরব বনের অন্ধকারে চোখ পেতে তারা কোনো টিমটিমে আলোর জোনাকি পোকাকে মশাল হাতে প্রহরী ভেবে আঁতকে ওঠে। দিকবিদিক থেকে ছুটে আসা নিশাচর বন্য প্রাণীর হাঁটাচলার শব্দ তাদের কানে এসে তীরের ফলার মতো বিঁধে, তাদের কাছে মনে হয় শত শত সৈন্য যেন দিকবিদিক কাঁপিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। শত ভয় উপেক্ষা করে তবু ক্লান্তি ভর করতে চায় তাদের শরীরে। একসময় ক্লান্তিরই জয় হয়, চোখ বুজে আসে তাদের।